নতুন মন্ত্রিসভার শপথ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সংবিধান অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন।
শনিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রায় দুই দশক পর আবারও সরকার গঠনের সুযোগ পাচ্ছে দলটি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
নির্বাচনের ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে ২০৯টিতে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এ ছাড়া বিএনপির শরিকরা পেয়েছে তিনটি আসন। ফলে বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসন দাঁড়িয়েছে ২১২টি।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিকরা পেয়েছে আরও ৯টি আসন—মোট ৭৭টি। ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
বর্তমানে সংসদ সদস্যদের শপথ, সংসদ নেতা নির্বাচন এবং নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সার্বিক আয়োজন করবে, আর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বঙ্গভবন-এ।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হওয়ার পর সুবিধাজনক সময় নির্ধারণ করে মন্ত্রিসভার শপথ আয়োজন করা হবে। তিনি বলেন, ‘আমরা আশা করছি আগামী তিন দিন বা সর্বোচ্চ চার দিনের মধ্যেই শপথ সম্পন্ন হবে।’ প্রয়োজনে আগামীকাল বা পরশুও আয়োজনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।