নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি


আবুল কাশেম গাফুরী\ কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা পশ্চিম বাজারে। এতে ৫টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা জানান।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হ”েছ- শাহজাহান স্টোর, মোতালেব ফার্নিচার, মেজবাহ লাইটিং হাউজ এবং খাজা নেছারিয়া হোটেল। এসময় ব্যবসায়ীদের মালামাল হারিয়ে আহাজারি করতে দেখা যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভুট্টো, মোজাম্মেল ও শাহআলম জানান, পাশের শাহজাহান স্টোরের তৈল, গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশ্ববর্তী মোতালেব ফার্নিচার, মেজবাহ লাইটিং হাউজ ও খাজা নেছারিয়া হোটেলে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। লাকসাম এবং চৌদ্দগ্রাম থেকে ফয়ার সার্ভিস আসার পূর্বে সব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে শাহজাহান স্টোরের ডিজেল পেট্রোল, অকটেন, মেশিনারী যন্ত্রপাতি, মুরগী পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা, মোতালেব ফার্নিচারের আনুমানিক ক্ষতি প্রায় ১০ লাখ টাকা, মেজবাহ লাইটিং হাউজের জেনারেটর, এসি, ফ্রিজ, ডেকোরেটর মালামাল মোটরসাইকেল পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা এবং খাজা নেছারিয়া হোটেলের ফ্রিজ, নগদ টাকা, মুদি মালমাল এবং আসবাবপত্র পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতি প্রায় ৫ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সহযোগিতা করার চেষ্টা করা হবে।
