👁 468 Views

নিমসার কাঁচাবাজারে সড়কে প্রকাশ্যে চাঁদাবাজির দায়ে ১১ জন গ্রেফতার

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজার এলাকায় সড়কের ওপর প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও টোল আদায়ের ভুয়া রশিদ বই জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬শে ফেব্রæয়ারি) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

            পুলিশ সূত্র জানায়, নিমসার এলাকার বৃহৎ কাঁচাবাজারে দীর্ঘদিন ধরে দূর-দূরান্ত থেকে আসা পণ্যবাহী ট্রাক, লেগুনা, ছোট গাড়ি ও অটোরিকশা থেকে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করে পুলিশ। গত বুধবার রাতে মহাসড়কের ওপর সরাসরি চাঁদা আদায়ের সময় অভিযান চালিয়ে ১১ জনকে হাতে-নাতে আটক করা হয়।

            অভিযানে উদ্ধার হওয়া রশিদ বই ঘেঁটে দেখা যায়, ট্রাকপ্রতি ১ হাজার ৭শ’ টাকা, লেগুনা থেকে ১ হাজার ৫শ’ টাকা, ছোট গাড়ি থেকে ১ হাজার টাকা এবং কাঁচামালবাহী অটোরিকশা থেকে ১শ’ থেকে ৫শ’ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। কিছু ক্ষেত্রে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকেও ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত নেয়ার প্রমাণ মিলে।

            স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, রাজনৈতিক ছত্রছায়ার কারণে দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই এই চাঁদাবাজি চললেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। প্রতিদিন লাখ লাখ টাকা আদায় হলেও এর কোনো বৈধতা ছিল না।

            বাজারে পণ্য আনতে গেলে নির্ধারিত কোনো সরকারি ফি বা বৈধ ইজারা ছাড়াই বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করা হতো। এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের ওপর আর্থিক চাপ সৃষ্টি হচ্ছিল।

            এ বিষয়ে নিমসার বাজারের ইজারাদার এম আর কবিরকে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

            বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, নিমসার বাজারে প্রকাশ্যে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ১১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়রর করা হয়েছে।

            এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কুমিল্লায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। এ ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *