👁 337 Views

বাংলাদেশ ব্যাংকের ঘটনাকে ‘মব কালচারের’ সূচনা বললেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি সৃষ্ট পরিস্থিতিকে বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা হিসেবে মন্তব্য করেছেন। তিনি এ ঘটনাকে দুর্ভাগ্যজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সরকার-সমর্থিত মব সংস্কৃতির আনুষ্ঠানিক সূচনা বলেই মনে হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গভর্নর ও তাঁর উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি এমনিতেই নানা সংকটে জর্জরিত। সর্বস্তরে দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অব্যাহত থাকলে অর্থনীতির অবশিষ্ট স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

জামায়াত আমিরের মতে, এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের প্রতিবাদ জানানো উচিত। তিনি দাবি করেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মব তৈরি করে দায়িত্বশীল ও দক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে উৎপাতের ঘটনা ঘটছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *