শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোটারদের সুবিধার জন্য ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন

ভোটারদের সুবিধার জন্য ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন
১৯ Views

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ সহজ করতে এবং নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। ভোটের দিন ১২ ফেব্রুয়ারির ছুটির সঙ্গে মিলিয়ে ১১ ফেব্রুয়ারি এই পদক্ষেপ নেওয়া হলো।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এটি অনুমোদিত হয়। বৈঠকের পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গতকাল অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রস্তাবিত বিষয়গুলোই অনুমোদন হয়েছে।

এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি আলাদা ছুটি অনুমোদিত হয়েছে। ফলে তারা ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি পাবেন এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি যুক্ত হলে টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে ১০ ফেব্রুয়ারির ছুটি শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য প্রযোজ্য।

প্রেস সচিব বলেন, “যেহেতু ১১ ফেব্রুয়ারি ভোটের আগের দিন, তাই ঢাকা, শিল্পনগরী ও অন্যান্য বড় শহরে থাকা ভোটাররা নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে ভোট দিতে পারবেন। একই সঙ্গে এ ব্যবস্থার মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।”

অনুষ্ঠানিক প্রজ্ঞাপন খুব শিগগিরই জারি করা হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন।

Share This

COMMENTS