👁 149 Views

মাছশূন্য ছোট যমুনা নদী, সংকটে জীববৈচিত্র্য

নিজস্ব প্রতিবেদক:  দিনাজপুরের বিরামপুর উপজেলা দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী একসময় ছিল দেশীয় প্রজাতির মাছের সমৃদ্ধ উৎস। কিন্তু বর্তমানে নদীর বিভিন্ন অংশে অবৈধভাবে বাঁশ ও জাল দিয়ে ঘের তৈরি করে মাছ ধরার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিয়মিত প্রশাসনিক নজরদারি না থাকায় নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ দিন দিন হুমকির মুখে পড়ছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে সরেজমিনে নদীর বিভিন্ন স্থানে জাল ফেলে মাছ ধরতে দেখা যায় কয়েকজন কিশোর ও যুবককে। দীর্ঘ সময় চেষ্টা করেও তেমন মাছ না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে যান। জেলেদের ভাষ্য, আগের মতো বড় দেশীয় মাছ তো দূরের কথা, এখন ছোট মাছও খুব কম ধরা পড়ে।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের অধীনে ছোট যমুনা নদীর ০.০০ কিলোমিটার থেকে ১৩.০০ কিলোমিটার পর্যন্ত পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হয়। “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন (১ম পর্যায়)” প্রকল্পের আওতায় প্যাকেজ নং উরহধলঢ়ঁৎ-ড-১৯/২০২১-২২ এর মাধ্যমে ২৪ আগস্ট ২০২২ তারিখে কাজ শুরু হয়ে ৩০ জুন ২০২৩ তারিখে শেষ হয়। এতে ব্যয় হয় প্রায় ৮৬৮.৬৮ লাখ টাকা।

তবে স্থানীয়দের অভিযোগ, পুনঃখননের সুফল স্থায়ী হওয়ার আগেই নদীর মাঝামাঝি স্থানে অবৈধ ঘের গড়ে তোলা হয়েছে। এতে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং মাছের প্রজনন প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে। ফলস্বরূপ, দেশীয় প্রজাতির মাছ ক্রমশ কমে যাচ্ছে।

পলিপ্রয়াগপুর মৎস্য সমিতির সভাপতি বাবু ফকির বলেন, নদীতে নিয়মিত কোনো তদারকি নেই। প্রশাসনের কঠোর অবস্থান না থাকায় অসাধু ব্যক্তিরা সুযোগ নিচ্ছে। নজরদারি জোরদার হলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

মাছের উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। এলাকাবাসীর দাবি, নদীতে মাছ কমে যাওয়ায় বাজারে মাছের দাম বেড়েছে।

সরকারি অর্থ ব্যয়ে পুনঃখনন করা নদী রক্ষায় কার্যকর মনিটরিং না থাকলে প্রকল্পের দীর্ঘমেয়াদি সুফল কতটা টেকসই হবে—এ প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে। অবৈধ ঘের উচ্ছেদ, নিয়মিত তদারকি এবং নদীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি বলেন, নদীতে অবৈধভাবে ঘের তৈরি করে মাছ শিকারের বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *