
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মানহানি, অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে করা মামলায় তাকে হাজির হওয়ার সমন জারি করেছেন।
মামলা দায়ের করেন বিএনপির রমনা থানা সভাপতি আশরাফুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাসস।
মামলায় উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এবং পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকার মাধ্যমে মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য ও হুমকি দিয়েছেন।
বিশেষ করে গত ৫ মার্চ ফেসবুকে পাটওয়ারী মির্জা আব্বাসের মানহানি করে বক্তব্য দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে ভাইরাল হয়েছে। মামলায় বলা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর এই কর্মকাণ্ড উদ্দেশ্যমূলক ও ইচ্ছাকৃতভাবে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে ক্ষতি করার জন্য পরিচালিত হয়েছে।
মামলায় তাকে দণ্ডবিধির ৫০০, ৫০৩ ও ৫০৪ ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে।