
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ এ তথ্য জানিয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে আইআরআইবি জানায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত সবচেয়ে তীব্র আক্রমণগুলোর একটি ছিল, যা প্রায় তিন ঘণ্টা ধরে চলেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের বিভিন্ন শহর—এর মধ্যে তেল আবিব ও হাইফা উল্লেখযোগ্য। এছাড়া পশ্চিম জেরুজালেম এলাকাকেও লক্ষ্য করা হয়েছে, যা বিতর্কিত জেরুজালেম শহরের সেই অংশ, বর্তমানে পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা চালিয়েছে।
এএফপির সাংবাদিকদের তথ্য অনুযায়ী, জেরুজালেমে বিমান হামলার সতর্কতা সাইরেন শোনা গেছে এবং দূরে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরও জানিয়েছে, এই হামলার সময় ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের কয়েকটি লক্ষ্যবস্তু এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিকেও টার্গেট করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্যের সংঘাতের জবাবে ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
এর আগে ইরানের তাসনিম সংবাদ সংস্থা প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছিল, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং ইরাকের কুর্দি অঞ্চলের আরও তিনটি স্থাপনাকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার বিপ্লবী গার্ড বাহিনী আরও দাবি করে, হরমুজ প্রণালীর কাছে কোনো মার্কিন নৌবাহিনীর জাহাজ যেতে সাহস দেখায়নি। যদিও এর আগে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছিলেন, মার্কিন নৌবাহিনী একটি তেলবাহী ট্যাংকারকে নিরাপদে হরমুজ প্রণালী পার হতে সহায়তা করেছে। তবে অল্প সময়ের মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টটি মুছে ফেলেন।
আজ ভোরে উপসাগরীয় অঞ্চলেও নতুন হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।