সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে: ইসির তফসিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, ৬ এপ্রিল কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী আজ তফসিল প্রকাশ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।

এছাড়া, আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। সবশেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন মইনুদ্দিন খান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন মনির হোসেন। পাশাপাশি চারজন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন।

সংরক্ষিত নারী আসনের বণ্টন প্রসঙ্গে আখতার আহমেদ জানান, বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন। মোট আসন সংখ্যা ৫০টি।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটে অংশ নিচ্ছে না। একইভাবে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও কোনো জোটে নেই।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ইসির জ্যেষ্ঠ সচিব জানান, এসব নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক এবং জাতীয় নির্বাচনের মানদণ্ড বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *