👁 437 Views

সরকারি কর্মচারীদের সকাল ৯টা–৯টা ৪০ মিনিট অফিসে উপস্থিতি বাধ্যতামূলক

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার জারি করা এ পরিপত্রে, যা স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, বলা হয়েছে—কিছু ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজে যুক্ত হন। যেমন সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ কিংবা ব্যাংক, হাসপাতাল ও বিদ্যালয়ে যাওয়া। ফলে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা সম্ভব হয় না।

এ পরিস্থিতিতে জনসেবা নিশ্চিত করা এবং দাপ্তরিক কাজে গতি আনতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসকক্ষে উপস্থিত থাকতে হবে। অন্য দাপ্তরিক কর্মসূচিও এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে এ সময়সূচি ব্যাহত না হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা ২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে আসা–যাওয়া বাধ্যতামূলক।

যেসব ক্ষেত্রে শিথিলতা থাকবে

শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য, যারা প্রশাসনিক দায়িত্বে নেই—তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

এ ছাড়া হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম ও নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে নিয়োজিত ব্যক্তিরা এই সময়সীমার বাইরে থাকবেন। জরুরি গ্রাহকসেবা ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এই বিধান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক এবং অনুমোদিত সরকারি সফর ছাড়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করা যাবে না।

দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়ে জানানো হয়েছে, পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *