👁 468 Views

সরকারি বেতনেই চাকরি করতে হবে, ঘুষ-দুর্নীতি চলবে না: হাসনাত আবদুল্লাহ

এনসিপি–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকার নির্ধারিত বেতন-ভাতা নিয়েই দায়িত্ব পালন করতে হবে, ঘুষ ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, থানায় কোনো দালাল থাকতে পারবে না এবং দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সসহ সেবামূলক প্রতিষ্ঠানে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করার নির্দেশ দেন তিনি। কেউ নিয়মের বাইরে চলতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন।

দেবিদ্বার থানার ওসিকে উদ্দেশ করে এমপি হাসনাত বলেন, এখন থেকে থানায় কোনো দালাল থাকতে পারবে না। সাধারণ লোক পাঠিয়ে তিনি তদন্ত করে দেখেছেন, দালাল ছাড়া অনেক ক্ষেত্রে কাজ হয় না বলে দাবি করেন তিনি। একজন নির্দিষ্ট দালালের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছেন এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে যাতে মানুষ হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, সরকার যে সুবিধা দেয়, তার মধ্যেই জনগণকে সেবা দিতে হবে; অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না এবং ঘুষের প্রচলন থেকে বেরিয়ে আসতে হবে।

সাংবাদিকদের উপস্থিতিতে তিনি বলেন, তাঁর বক্তব্যের সঙ্গে কেউ দ্বিমত পোষণ করতে পারলে তিনি তা শুনতে প্রস্তুত। এমনকি নিজে লোক পাঠিয়ে থানায় অভিযোগ করতে গিয়ে দালালচক্রের প্রভাব দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

ওসির উদ্দেশে তিনি আরও বলেন, “আপনি থানার ভেতর থেকে দেখছেন, আর আমি সাধারণ মানুষের দিক থেকে দেখছি। আজ থেকেই থানায় কোনো দালাল থাকবে না। সরকার যে বেতন দেয়, সেই বেতন নিয়েই চাকরি করতে হবে।”

এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং গোমতী নদীতে মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *