
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার দেবিদ্বারে প্রায় ২০ বছর আগের একটি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোরশেদকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৫শে ফেব্রæয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাশিকাড়া বাজারে তার নিজস্ব আসবাবপত্রের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কাশারীখোলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০০৬ সালের ১লা মে কুমিল্লা কোতোয়ালি থানার সাতোরা গ্রামে রিয়াদ (১৭) নামের এক কিশোর হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন মোরশেদ। ওই মামলায় ২০২৩ সালে আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে মৃত্যুদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এ ব্যাপারে মোরশেদের স্ত্রী জানান, তার স্বামী মামলার আসামি ছিলেন তা তিনি এবং তার পরিবারের কেউ জানতেন না। মোরশেদের বড় ভাই খোরশেদ আলম বলেন, জীবিকার তাগিদে তারা একসময় সাতোরা গ্রামে ভাড়া বাসায় থাকতেন। সেখানে তাদের মামার বাড়ি ছিল। ওই সময় রিয়াদ নামে এক কিশোরের মরদেহ খুঁজে পায় পুলিশ। সেখানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর তারা গ্রামে ফিরে আসেন। তার দাবি, মোরশেদ যে হত্যা মামলার আসামি কিংবা মৃত্যুদন্ডপ্রাপ্ত- এ তথ্য তাদের জানা ছিল না।
খোরশেদ আলম আরও বলেন, গত বুধবার সন্ধ্যায় পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলে মোরশেদকে দোকান থেকে থানায় নিয়ে যায়। পরে থানায় গিয়ে তারা জানতে পারেন, তিন বছর আগে তার বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় হয়েছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘২০২৩ সালে মোরশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার একটি কাগজ পাই। সে একটি হত্যা মামলায় ফাঁসির দন্ডাদেশসহ ৩০ হাজার টাকা জরিমানার রায় নিয়ে পলাতক রয়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে আসি। তার সঙ্গে কথা বলে জানতে পারি তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, তবে সে জানে না। হঠাৎ ফাঁসির সংবাদ শুনে হার্ট অ্যাটাক করতে পারে ভেবে আমরাও তাকে ফাঁসির কথা জানাইনি।’
ওই হত্যা মামলা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ওসি মনিরুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে কোতোয়ালি থানায় যোগাযোগ করেও ডকেটে কোনো তথ্য পাইনি। আদালতের নথিতে বিস্তারিত জানা যাবে।’