শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরের সহিংসতা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

শেরপুরের সহিংসতা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
১২ Views

শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার বেলা ১টার দিকে Chief Adviser, GOB-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায় সরকার বিএনপি ও জামায়াতে ইসলামসহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি দলগুলোর নেতৃবৃন্দকে নিজ নিজ সমর্থকদের মধ্যে সংযম ও শৃঙ্খলা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে জানিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণহানির কোনো স্থান নেই। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব।

শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।

এছাড়া সব রাজনৈতিক দল, নেতা এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত সংশ্লিষ্টদের প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতির শেষাংশে বলা হয়, শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল। একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Share This

COMMENTS