👁 415 Views

লাকসামে নবাব ফয়েজুন্নেছার ওয়াকফ সম্পত্তি দখলকারীদের কবল থেকে উদ্ধার

ছবি: নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি
ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর সংলগ্ন ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টা চালিয়েছে একটি মহল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সম্পত্তিটি দখলমুক্ত করে উপজেলা প্রশাসন।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লাকসাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।
উপজেলা প্রশাসন ও জাদুঘর কর্তৃপক্ষ সূত্র জানায়, জাদুঘর সংলগ্ন ওয়াকফকৃত সম্পত্তিতে নবাব ফয়জুন্নেছার বংশধরদের একটি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে পৌরসভার অর্থায়নে একটি ভবন নির্মাণ করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মহল অবৈধভাবে ভবনটিতে তালা লাগিয়ে টিনের বেষ্টনী নির্মাণ করে দখলের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে ইউএনও নার্গিস সুলতানার নেতৃত্বে প্রশাসন দ্রæত ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ টিনের বেষ্টনী অপসারণ এবং তালা ভেঙে ভবনটি দখলমুক্ত করে। ইউএনও জানান, কুমিল্লা-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা প্রদান করেছেন, যাতে ওয়াকফকৃত সম্পত্তি দখলমুক্ত করা সম্ভব হয়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, মো. দোলোয়ার হোসেন সবুজ নামের এক ব্যক্তি নবাব ফয়জুন্নেছার কিছু বংশধরের সহায়তায় নিজেকে ভুয়া মোতওয়াল্লী পরিচয় দিয়ে উপজেলা ভূমি ও সেটেলমেন্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ওয়াকফ সম্পত্তি রেকর্ড করে দখলের চেষ্টা করছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এ অঞ্চলের প্রখ্যাত জমিদার নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী সমাজকল্যাণমূলক কাজে প্রায় ২৯৭ একর ভূমি রাহেল্লিাহ হিসেবে দালিলিকভাবে ওয়াকফ করে যান। এর মধ্যে প্রায় ২৯০ একর ভূমি ইতোমধ্যে বেদখল হয়ে গেছে বলে দাবি স্থানীয়দের। অবশিষ্ট প্রায় ৭ একর ভূমিও দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, জনকল্যাণে ওয়াকফকৃত সম্পত্তি পুনরুদ্ধার ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণে দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ আবশ্যক। নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের তত্ত¡াবধায়ক মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঐতিহাসিক এই নিদর্শন ও সংশ্লিষ্ট ওয়াকফ সম্পত্তি রক্ষায় নিয়মিত নজরদারি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। কোনোভাবেই অবৈধ দখল চেষ্টা মেনে নেয়া হবে না।’
ইউএনও নার্গিস সুলতানা বলেন, ওয়াকফকৃত সম্পত্তি অবৈধভাবে দখলের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সম্পত্তি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *