
দুই মাসে দেশে হামে প্রাণ হারিয়েছে ৪৫১ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চার শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি আটজনের মধ্যে ছিল হামের উপসর্গ।
একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া ১১১ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, হাম শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের এবং একজন করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ৩৭৭ শিশু। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৭৪ শিশুর। সব মিলিয়ে দুই মাসে প্রাণ গেছে ৪৫১ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫৫ হাজার ৬১১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৪০ হাজার ১৭৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৫৫ শিশু।
এছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে মোট ৭ হাজার ৪১৬ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।