
চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী ৯ জুলাই প্রকাশ করা হবে। এ বছর সারা দেশে ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ২০ শতাংশ বেসরকারি ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী থাকবে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ গ্রেডে নির্বাচিত হবে। ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা মাসে ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা মাসে ২২৫ থেকে ২৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা করে পাবে। এই বৃত্তির সুবিধা শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত টানা তিন বছর ভোগ করতে পারবে।
একই সঙ্গে ভবিষ্যতে বৃত্তির অর্থ দুই থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও সরকারের বিবেচনায় রয়েছে। এ বছরের বৃত্তি পরীক্ষা ১৫ থেকে ১৮ এপ্রিল দেশের অধিকাংশ জেলায় অনুষ্ঠিত হয়। তবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন।