মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৪ ডিসেম্বর, নির্ভর করছে এইচএসসি ফল প্রকাশের ওপর

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা আয়োজনকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে নির্ধারিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, তা মূলত নির্ভর করছে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়ের ওপর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে আগামী ৪ ডিসেম্বর এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়। এইচএসসি পরীক্ষার ফল নির্ধারিত সময়ে প্রকাশিত হলে ওই দিনেই ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।

অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বলেন, বন্যা পরিস্থিতির কারণে দেশের কয়েকটি অঞ্চলে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে শেষ হয়েছে। ফলে ফল প্রকাশেও কিছুটা বিলম্ব হচ্ছে। তাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

তিনি বলেন, অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা সম্ভব হলে ৪ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে। তবে এর মধ্যে ফল প্রকাশ না হলে ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, এইচএসসি ফল প্রকাশের পর শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষণের জন্য প্রায় এক মাস সময় দেওয়া হয়। অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে ফল প্রকাশ না হলে এই প্রক্রিয়ার কারণে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে জটিলতা তৈরি হবে। সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে।

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও নম্বর বণ্টনসহ অন্যান্য বিষয়ে বর্তমানে আলোচনা চলছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এসব বিষয় চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *