একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল আজ রাত ৮টায়

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। একই সময়ে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফলাফল দেখতে পারবেন।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির অনলাইন ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থীকে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার সুযোগ দেওয়া হয়।

এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

নির্বাচিতদের যা করতে হবে

আজ রাত ৮টায় প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য নির্বাচিত হবেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।

ভর্তি নিশ্চয়নের জন্য আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন এবং আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর শিক্ষার্থীদের দেওয়া পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। কলেজে মূল ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে।

যেভাবে ফলাফল দেখবেন

একাদশ শ্রেণির ভর্তি ফল দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে শিক্ষার্থীর—

  • এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর
  • শিক্ষা বোর্ডের নাম
  • পাসের সাল
  • রেজিস্ট্রেশন নম্বর

তথ্যগুলো দিতে হবে। এরপর স্ক্রিনে থাকা ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।

ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সে তথ্যও পাওয়া যাবে।

ফলাফল দেখতে: xiclassadmission.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *