সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল: ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী ও সৌদি আরব হয়ে চলাচলকারী মোট ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৪৪টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৩টি। এতে মোট ১৬ হাজার ৬২০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার (১৬ই অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) ১০টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় এসব ফ্লাইটের যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি আরবগামী প্রবাসী কর্মী, ছুটিতে দেশে আসা কর্মী এবং ট্রানজিট যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত যাত্রীদের যাত্রা পুননির্ধারণ ও বিকল্প ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের সর্বশেষ হিসাব অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলে বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ১০৭টি ফ্লাইট এবং ১৬ হাজার ৬২০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *