সীমান্তের এপারে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপারে কী ঘটছে, তা নিয়ে মন্তব্য না করলেও বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তাঁর জানা নেই। তবে সীমান্তের এপারে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না।

সাম্প্রতিক বিভিন্ন সহিংসতায় পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহু সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কারও মাথায় আঘাত লেগেছে, আবার কেউ হাড় ভাঙাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

তিনি বলেন, আহত অনেক সদস্য ইতিমধ্যে চিকিৎসা নিয়েছেন। তবে কারও কারও দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে। দায়িত্ব পালনে সাহসিকতা ও অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত করার বিষয়টিও বিবেচনা করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চাকরির শুরু থেকেই পুলিশ সদস্যরা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করেন। শ্রমিক আন্দোলনের সময়ও তাঁরা আহত হয়েছেন, কিন্তু আন্দোলনরত শ্রমিকদের ওপর আঘাত করেননি। তাঁদের এই সংযম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *