
শহীদুল্লাহ ভূঁইয়া ।। কুমিল্লার লাকসাম উপজেলার আউশপাড়ার পীর সাহেব ও সাবেক পোস্টমাস্টার মু. হাসিম উদ্দিন আবুল কাশেমকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছেন হাজারো মানুষ। তাঁর মৃত্যুতে লাকসাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার পূর্ব আউশপাড়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মরহুম হাসিম উদ্দিন আবুল কাশেম কর্মজীবনে সরকারি চাকরিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিজীবনেও তিনি দল-মত নির্বিশেষে সবার কাছে একজন শ্রদ্ধাভাজন ও প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা মরহুমের জীবনের সব নেক আমল কবুল, ভুলত্রুটি ক্ষমা এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
উল্লেখ্য, এর আগে আউশপাড়া দরবার শরীফের প্রখ্যাত পীর আলহাজ্ব মাওলানা আবু তাহের (বড় হুজুর) ২০২৫ সালের ২১ এপ্রিল দিবাগত রাতে ইন্তেকাল করেন।
সূত্র: আব্দুর রহমান বাদল