
এম. এস. দোহা || কুমিল্লার লাকসাম পৌর শহরের উপকণ্ঠে অবস্থিত উপমহাদেশের মহীয়সী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর প্রতিষ্ঠিত ঐতিহাসিক দাতব্য চিকিৎসালয়টি আজ অস্তিত্ব সংকটে। একসময় লাকসাম ও আশপাশের এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল ছিল প্রতিষ্ঠানটি। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, অব্যবস্থাপনা ও যথাযথ তদারকির অভাবে সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি এখন তার স্বকীয়তা হারাতে বসেছে। শুধু অবকাঠামোগত সংকটই নয়, প্রতিষ্ঠাতার নাম ও ইতিহাসও যেন ক্রমেই আড়ালে চলে যাচ্ছে।
১৭৪ বছরের ঐতিহ্য হারানোর পথে, বেহাত হচ্ছে ওয়াকফ সম্পত্তি
লাকসাম উত্তর বাজারের ডেঙ্গার মেইল-সংলগ্ন এলাকায় অবস্থিত এই চিকিৎসাকেন্দ্রটির প্রবেশপথে স্থাপিত সাইনবোর্ডে প্রতিষ্ঠাকাল হিসেবে ১৮৫২ সাল উল্লেখ রয়েছে। সে হিসাবে প্রতিষ্ঠানটির বয়স প্রায় ১৭৪ বছর। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ‘লাকসাম উপস্বাস্থ্য কেন্দ্র’ নামে এটি পরিচালিত হলেও বিস্ময়করভাবে প্রতিষ্ঠানের পরিচিতিতে এর প্রতিষ্ঠাতা নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর নাম কিংবা তাঁর অবদানের কোনো উল্লেখ নেই।

অথচ নারীশিক্ষা, সমাজ সংস্কার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখা নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী উপমহাদেশের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব। নিজের জমিদারি এলাকায় শিক্ষা ও চিকিৎসাসেবার প্রসারে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাঁর প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয়গুলো ছিল তৎকালীন সময়ে এক গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ।
ইতিহাসের তথ্য অনুযায়ী, ১৮৫২ সালে লাকসামে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার পাশাপাশি একই সময়কালে কুমিল্লা শহরে নারীদের চিকিৎসাসেবার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ‘নবাব ফয়জুন্নেছা জানানা হাসপাতাল’। বর্তমানে প্রতিষ্ঠানটি কুমিল্লা সদর হাসপাতালে ‘নবাব ফয়জুন্নেছা ফিমেল ওয়ার্ড’ নামে পরিচিত। অথচ লাকসামে তাঁর প্রতিষ্ঠিত চিকিৎসাকেন্দ্রটির ক্ষেত্রে প্রতিষ্ঠাতার নাম ও ঐতিহাসিক পরিচয় সংরক্ষণে তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।

স্থানীয়দের অভিযোগ, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রায় ২৯৭ একর জমি ওয়াকফ ও রাহে লিল্লাহ হিসেবে দান করে গেছেন। এসব সম্পত্তির বড় একটি অংশ সংশ্লিষ্ট মোতাওয়াল্লীদের যথাযথ তদারকির অভাবে ভূমিদস্যুদের দখলে চলে গেছে বলে অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, লাকসামের ঐতিহাসিক দাতব্য চিকিৎসালয়টিও ওয়াকফ সম্পত্তির আওতাভুক্ত। প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বর্তমানে বেদখল কিংবা অব্যবস্থাপনার শিকার।
অথচ এসব সম্পত্তির আয় ও সম্পদ ঐতিহাসিক চিকিৎসাকেন্দ্রটির উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করার কাজে ব্যবহৃত হওয়ার কথা। কিন্তু বাস্তবে এসব সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানের যথাযথ অভিভাবকত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে একদিকে ঐতিহাসিক প্রতিষ্ঠানটি হারাচ্ছে তার পুরোনো পরিচিতি, অন্যদিকে জনকল্যাণে দান করা সম্পত্তির সঠিক ব্যবহার নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।
এ পরিস্থিতিতে লাকসাম উপজেলা প্রশাসন, ভূমি অফিস এবং সংশ্লিষ্ট ওয়াকফ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, প্রায় পৌনে দুই শতাব্দীর পুরোনো এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ, ওয়াকফ সম্পত্তি চিহ্নিতকরণ, অবৈধ দখলমুক্তকরণ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
এলাকাবাসীর দাবি, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর স্মৃতিবিজড়িত এই প্রতিষ্ঠানকে শুধু একটি সাধারণ উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে নয়, বরং লাকসামের ইতিহাস, ঐতিহ্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও সরকারি নথিপত্রে প্রতিষ্ঠাতার নাম ও ইতিহাস যথাযথভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে হবে।
ঐতিহাসিক এই চিকিৎসালয়ের অস্তিত্ব রক্ষা, ওয়াকফ সম্পত্তি উদ্ধার ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে নবাব ফয়জুন্নেছার এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের হারানো ঐতিহ্য ফিরবে এবং নতুন করে সাধারণ মানুষের চিকিৎসাসেবার সুযোগ সৃষ্টি হবে।