মক্কার মসজিদে অপরাধের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক ও অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। গত বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তারের পর তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আদালতে উপস্থাপন করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে শরিয়াহ আইনের ‘তাআজির’ বিধানের আওতায় আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন। এ বিধানে অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় বিচারক শাস্তি নির্ধারণ করতে পারেন।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উচ্চতর বিচার বিভাগীয় কর্তৃপক্ষের অনুমোদনের পর আদালতের রায় চূড়ান্ত হয়। পরে রাজকীয় আদেশের ভিত্তিতে মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এ ঘটনায় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র মসজিদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা এবং ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনের বিরুদ্ধে প্রচলিত আইন কার্যকরে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পবিত্র স্থানে এ ধরনের অপরাধের ক্ষেত্রে আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *