
দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে ছুটি। সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার নির্ধারিত ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানভেদে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা টানা কয়েক দিনের অবকাশ পাচ্ছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ছুটির এই অবকাশ শুরু হয়েছে। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির সময়সূচি ও মেয়াদে পার্থক্য রয়েছে।
২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবর এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের অবকাশের সুযোগ তৈরি হয়েছে। ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষেও ছুটির বিষয়টি রয়েছে।
অন্যদিকে, কলেজের ছুটির সূচিতে কিছুটা ভিন্নতা রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে এ ছুটি রাখা হয়েছে। এর আগে ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আরও দীর্ঘ অবকাশ পাবেন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। তবে সাপ্তাহিক ছুটি ও প্রতিষ্ঠানের নিজস্ব সূচি অনুযায়ী অবকাশের সময় ভিন্ন হতে পারে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়িয়েছে সরকার। নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করায় সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন তাঁরা। ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে এ ছুটি যুক্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে অবশ্য ছুটির সময়সূচি এক নয়। নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো ছুটি নির্ধারণ করে থাকে। ফলে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছুটির মেয়াদে পার্থক্য থাকতে পারে।