
মাদারীপুরের কালকিনি পৌর মাছ বাজার এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার পথে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পালটা মিছিল বের করেন।
একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া-পালটাধাওয়া। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালকিনি থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
সংঘর্ষের কারণে পৌর মাছ বাজার এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে চলে যান। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, তাঁরা শান্তিতে বিশ্বাসী এবং কোনো ধরনের সংঘাত চান না। তবে নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।