আ.লীগকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দলটি নিজেদের রাজনৈতিক পরিচয় হারিয়ে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দেশের ভেতরে কিংবা বিদেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর এবং পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছে, তখনই পতিত ফ্যাসিবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্র ও সহিংসতা শুরু করেছে। সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করেছে, সুযোগ পেলেই দলটির সন্ত্রাসী কর্মকাণ্ড আবারও মাথাচাড়া দিয়ে ওঠে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়া এবং হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের অবস্থানও জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষ কোনো অপশক্তির বশ্যতা স্বীকার করার জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেয়নি।

প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া পুরোনো রাজনৈতিক স্লোগান স্মরণ করেন—‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ এসব অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেবে না। তারা মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *