ঢাকা-চট্টগ্রাম ২ ঘণ্টায় যাতায়াতের লক্ষ্য, ২৩৩ কিলোমিটার উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণে সরকারের উদ্যোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন ৩০ হাজারের বেশি যানবাহন চলাচল করে। দেশের প্রধান সমুদ্রবন্দর, রাজধানী এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে যোগাযোগের অন্যতম এই সড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। পরিকল্পনা অনুযায়ী, এক্সপ্রেসওয়েটি চালু হলে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের সময় বর্তমানের প্রায় ছয় ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টায় নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রামসহ ১৯টি জেলার প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানিয়েছেন, প্রকল্পটির প্রধান উদ্দেশ্য নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করা। পাশাপাশি বন্দর ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে পণ্য পরিবহন দ্রুত ও নির্ভরযোগ্য করে পুরো করিডরকে আধুনিক বাণিজ্যিক যোগাযোগব্যবস্থায় রূপান্তর করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ, দেশের আমদানি-রপ্তানির প্রায় ৯০ শতাংশ পণ্য চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে পরিবহন করা হয়। চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এবং নির্মাণাধীন বে-টার্মিনালের কারণে এ করিডরের গুরুত্ব ভবিষ্যতে আরও বাড়বে।

একাধিক উদ্যোগের পরও থেমে ছিল প্রকল্প

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বিবেচনায় নিয়ে ২০০৪ সালে প্রবেশ নিয়ন্ত্রিত সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। ২০০৮ সালে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরিতে অর্থায়ন করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

২০১৩ সালের ১৩ মার্চ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেয়। তখন প্রস্তাবিত এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ছিল ২১৭ কিলোমিটার এবং নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২৫০ কোটি মার্কিন ডলার।

পরবর্তী সময়ে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব সড়ক ও জনপথ অধিদপ্তর নাকি সেতু বিভাগ পালন করবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়। সওজ প্রকল্পটির সমীক্ষায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করে। ২০১৪ সালের ১৪ জুলাই পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং ২০১৬ সালের ২৩ অক্টোবর উড়াল ও সমতল সড়কের সমন্বয়ে নকশা জমা দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, ঢাকা-কুমিল্লা, কুমিল্লা-ফেনী এবং ফেনী-চট্টগ্রাম—এই তিনটি অংশে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছিল।

এদিকে, ২০১৬ সালে সেতু বিভাগের মাধ্যমেও পৃথকভাবে প্রকল্পের জন্য বিনিয়োগকারী খোঁজার উদ্যোগ নেওয়া হয়। ২০১৮ সালের ১৫ মে অর্থ বিভাগ প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের ৩০ শতাংশ ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) দেওয়ার নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করে।

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা-কুমিল্লা অংশের জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে আগ্রহপত্র আহ্বান করা হয়। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেলেও একই বছরের অক্টোবরে প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

হাইস্পিড ট্রেনের পরিকল্পনাও অনিশ্চয়তায়

এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের পর ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগতির ট্রেন চালুর পরিকল্পনা সামনে আসে। এ জন্য রেলপথের সমীক্ষা ও বিস্তারিত নকশা তৈরিতে ১১০ কোটি ১৬ লাখ টাকা ব্যয় করা হয়। তবে বিনিয়োগকারীর অভাবে হাইস্পিড ট্রেন প্রকল্পটিও অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে।

অর্থায়ন ও টোল নিয়ে রয়েছে চ্যালেঞ্জ

বিশাল ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিদেশি ঋণের সুদের হার, ঋণ পরিশোধের সময়সীমা, গ্রেস পিরিয়ড এবং মুদ্রা বিনিময়ের ঝুঁকি বিবেচনায় নিতে হবে।

পাশাপাশি এক্সপ্রেসওয়েতে টোলের হার কত হবে, প্রতিদিন কী পরিমাণ যানবাহন চলাচল করবে এবং বিনিয়োগকারীরা কত সময়ে তাঁদের অর্থ ফেরত পাবেন, সেসব বিষয়ও পর্যালোচনা করা প্রয়োজন।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের মতে, প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করা হবে। এতে সরকারের সরাসরি অর্থ ব্যয়ের চাপ কমতে পারে। তবে বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করতে প্রকল্পের আয়-ব্যয়ের হিসাব ও টোল কাঠামো বাস্তবসম্মত হতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ যেভাবে বাড়ছে, তাতে দীর্ঘদিন প্রকল্পটি পিছিয়ে থাকলে ভবিষ্যতে নির্মাণ ব্যয় আরও বাড়তে পারে। তাই অর্থায়ন ও বাস্তবায়নসংক্রান্ত জটিলতা দ্রুত কাটিয়ে প্রকল্পটি এগিয়ে নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *