
স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁদের দেখতে হাসপাতালে যান নাহিদ ইসলাম।
ঘটনার পর মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকের পর্যবেক্ষণ অনুযায়ী, সংঘর্ষের পর সেখানে পুলিশের পাঁচটি গাড়ি ও দুটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। অ্যাম্বুলেন্সকর্মীরা আহত দুজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেন।
এর আগে গত শনিবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেন আওয়ামী লীগের একদল নেতা-কর্মী ও সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় সেখানে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা ঘটছে। গত বছরের সেপ্টেম্বরে মাহফুজ আলম এবং চলতি বছরের জুনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও লন্ডনে বাধা ও বিক্ষোভের ঘটনা ঘটেছিল।