
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ ও সাংবিধানিক বৈধতা নিশ্চিত করার স্বার্থেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে যেভাবে অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতির মুখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পড়তে হবে না—এমন নিশ্চয়তা নেই।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান সংসদের দলীয় প্রভাবযুক্ত সংবিধান সংশোধন কমিটি ভালো কোনো সংশোধনী আনলেও ভবিষ্যতে তা বাতিল হয়ে যেতে পারে। এমনকি বর্তমান সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়কালকেও অবৈধ ঘোষণার পরিস্থিতি তৈরি হতে পারে।
এ ধরনের আশঙ্কা এড়াতে পুরোনো সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে নতুন গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার আহ্বান জানান এনসিপির এই নেতা।
তিনি বলেন, তারেক রহমানের স্বার্থেই অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা প্রয়োজন। এর মাধ্যমে দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার পথ তৈরি হবে বলে তিনি মনে করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, সমতল থেকে পাহাড় পর্যন্ত বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
পাহাড়ে অস্থিতিশীলতার কারণ এবং সেখানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা সম্পর্কে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেন এনসিপির আহ্বায়ক। বিষয়টিকে দেশের সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় ভারতের সঙ্গে সরকারের গোপন সমঝোতা রয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, প্রতিবেশী দেশটি বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির প্রয়োজন হলে পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কী প্রমাণ পেয়েছেন, সে বিষয়ে বক্তব্যে বিস্তারিত তথ্য তুলে ধরেননি।
তিনটি সংসদ অবৈধ ঘোষণার দাবি
আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে গঠিত সংসদকে অবৈধ ঘোষণার দাবিও জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, বিএনপি ওই তিনটি সংসদকে অবৈধ বলে মনে করলেও বর্তমান সরকার আইনগতভাবে সেগুলোকে অবৈধ ঘোষণা করেনি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
কর্মসূচি সফল করার লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রচারপত্র বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিনে মিরপুরে এই কর্মসূচি পালন করা হয়।
এতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।