খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিরাও এতে অংশ নেবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্মরণসভাকে স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক আদর্শ, নেতৃত্ব, ব্যক্তিত্ব এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। স্মারকগ্রন্থে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলন, পররাষ্ট্রনীতি, দেশপ্রেম, নারীশিক্ষা, অর্থনৈতিক দর্শন, সংসদীয় রাজনীতি, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামসহ বিভিন্ন বিষয় স্থান পাবে।

লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে হতে হবে। আগ্রহীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় লেখা পাঠাতে বলা হয়েছে। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।

এদিকে বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য ও জাতীয় জীবনে অবদান নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে তাঁর জীবন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *