
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার (২৬ অক্টোবর) জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি রিয়াদকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সেটি ধ্বংস করা হয়।
ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রাজধানী রিয়াদের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে। এ সময় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাইরে চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রিয়াদের জন্য জারি করা জরুরি সতর্কতা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসংক্রান্ত ছবি, ভিডিও কিংবা তথ্য ধারণ, আদান-প্রদান ও প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা