
দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন বিধিবিধান সহজ করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাপানের রাজধানী টোকিওতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে। বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করাই সরকারের লক্ষ্য।
আলোচনায় জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়। এসব খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর সামঞ্জস্য নিয়েও আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বৈঠকে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় স্থাপনের বিষয়টিও উত্থাপন করেন প্রধানমন্ত্রী। এ প্রস্তাবের বিষয়ে জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জেবিআইসির অবদান এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।