
শুধু উৎপাদনেই নয়, সোনার ভোগের দিক থেকেও বিশ্বে অন্যতম প্রধান দেশ চীন। অলংকার, বিনিয়োগ এবং শিল্পকারখানায় ব্যবহারের কারণে দেশটিতে সোনার চাহিদা ব্যাপক।
চীন মূলত দুটি উৎস থেকে সোনা উৎপাদন করে। নিজস্ব খনি থেকে উত্তোলিত কাঁচামাল পরিশোধনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করেও সোনা তৈরি করে।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে দেশীয় ও আমদানি করা কাঁচামাল মিলিয়ে মোট ৩৪৭ দশমিক ৯৯ টন সোনা উৎপাদিত হয়েছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন ১১ দশমিক ৪৪ শতাংশ কম।
এর মধ্যে চীনের নিজস্ব খনির কাঁচামাল থেকে উৎপাদিত হয়েছে ২২০ দশমিক ৯৩৫ টন সোনা। আর আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করে উৎপাদিত হয়েছে ১২৭ দশমিক ০৫৫ টন।
সোনার ব্যবহারেও এগিয়ে চীন
উৎপাদনের পাশাপাশি সোনার ব্যবহারেও চীনের অবস্থান উল্লেখযোগ্য। ২০২৬ সালের প্রথম নয় মাসে দেশটিতে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন সোনা ব্যবহৃত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই ব্যবহার বেড়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ।
এর মধ্যে গয়না তৈরিতে ব্যবহৃত হয়েছে ১৭৮ দশমিক ৬১২ টন সোনা। তবে এই খাতে ব্যবহার আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৮৬ শতাংশ কমেছে।
অন্যদিকে সোনার বার ও কয়েন কেনার প্রবণতা বেড়েছে। এ বছরের প্রথম তিন প্রান্তিকে এ খাতে ব্যবহার হয়েছে ৪৪৪ দশমিক ৫৭৬ টন সোনা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ২৬ শতাংশ বেশি। মূলত বিনিয়োগের উদ্দেশ্যে সাধারণ মানুষ সোনার বার ও কয়েন কিনছেন।
এ ছাড়া শিল্পকারখানাসহ অন্যান্য খাতে ব্যবহৃত হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন সোনা। এ খাতে ব্যবহার বেড়েছে ১ দশমিক ৪১ শতাংশ।
চীনে রয়েছে ১১৭টি সোনার খনি
যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবালডেটার তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে ১ হাজার ৩৫২টির বেশি চালু সোনার খনি রয়েছে। এর মধ্যে ১১৭টি খনি চীনে অবস্থিত।
দেশটির উল্লেখযোগ্য সোনার খনিগুলোর মধ্যে রয়েছে শাসি কপার মাইন, ইশিংঝাই গোল্ড মাইন, সানশানদাও গোল্ড মাইন, জিয়াওজিয়া গোল্ড মাইন ও দে শিং মাইন। এসব খনি চীনের সোনা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ২০২৬ সালের প্রথম নয় মাসে সোনার দাম প্রথম দিকে বাড়লেও পরে কিছুটা কমেছে। তবে সামগ্রিকভাবে দাম উচ্চপর্যায়েই ছিল। স্বল্প সময়ে দামের ওঠানামা বেড়ে যাওয়ায় সোনার বাজারে ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, বিনিয়োগের চাহিদা এবং মূল্যবান ধাতুর বাজারে পরিবর্তনের কারণে সোনার উৎপাদন ও ব্যবহার এখন আন্তর্জাতিক অর্থনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে।