ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩, মোচায় ২০ হামলার দাবি

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও আশপাশের এলাকায় বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। শনিবারের এসব হামলায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম। এ ছাড়া দেশটির মোচা শহরে প্রায় ২০টি হামলার খবরও প্রকাশ করা হয়েছে।

হুতিদের পরিচালিত আল-মাসিরা টেলিভিশনের বরাতে জানা যায়, সানায় একাধিক বিমান হামলা চালানো হয়। এর মধ্যে একটি বাড়িতে হামলায় তিনজন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

সানা প্রদেশের একটি সিমেন্ট কারখানায়ও পৃথক বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি। ওই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে দাবি করা হলেও তাদের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের তাইফ ও ইয়ানবুর দিকে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ তাইফ, ইয়ানবু, মক্কা ও জেদ্দা এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল।

২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘদিনের এই সংঘাতে দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাখো মানুষ মানবিক সংকটে পড়েছেন।

২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে সংঘাতের তীব্রতা অনেকটা কমে এসেছিল। তবে বৃহত্তর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত জুলাইয়ে দেশটিতে সংঘাত আবারও বাড়তে শুরু করে।

সূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনের ভিত্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *