রিয়াদের কাছে তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, হামলার পর সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় আগুন ধরে যায়।

শনিবার রিয়াদের দক্ষিণাঞ্চলের ওই এলাকায় আগুনের শিখা ও ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুন লাগার কারণ নিয়ে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরবের বিমান হামলার জবাবেই রিয়াদের কাছে জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হয়েছে। হামলার ফলে তেল স্থাপনাটিতে আগুন ধরে যায় বলেও দাবি করেন তিনি।

হুতি মুখপাত্রের অভিযোগ, গত ২৪ ঘণ্টায় তাদের নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে সংঘাত বাড়ছে। একদিকে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী হুতিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, অন্যদিকে হুতিরাও সৌদি ভূখণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার হুমকি ও দাবি জানিয়ে আসছে।

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মানদেব নিয়ন্ত্রণকে কেন্দ্র করেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবকে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রসহ মিত্ররা সহযোগিতা করছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। – আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *