
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর রাজধানী মাদ্রিদের সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের উচ্চগতির রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর দেশটির কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের তোলেদো প্রদেশের উরদার কাছে এ দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক সরকার অন্তত ৩০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, মাদ্রিদ থেকে সেভিলেগামী রেলপথে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ইরিওর দাঁড়িয়ে থাকা একটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়।
দুর্ঘটনার সময় ইরিওর ট্রেনটিতে এক শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যদিকে রেনফের ট্রেনে যাত্রী ছিলেন ৩৯৭ জন। বিপুলসংখ্যক যাত্রী থাকায় উদ্ধারকাজে ব্যস্ততা বেড়েছে। আহতদের দ্রুত চিকিৎসা দিতে আশপাশের কয়েকটি হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য তোলেদো, আলকাসার দে সান হুয়ান ও সিউদাদ রিয়ালের হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়। এ ছাড়া আহত ব্যক্তিদের সাময়িকভাবে রাখার জন্য উরদা শহরের একটি ক্রীড়া মিলনায়তন প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে স্থানীয় এক যাত্রী জানান, সংঘর্ষের তীব্র ধাক্কায় তিনি সামনের দিকে ছিটকে পড়েন। তাঁর বগির বেশ কয়েকজন যাত্রী আহত হন। পরে নিরাপদ স্থানে যেতে ট্রেন থেকে নেমে ঢাল বেয়ে নিচে নামেন তিনি। সেখানে গিয়ে একটি বগিকে ঢালের নিচের দিকে ঝুলে থাকতে এবং আরেকটি বগিতে আগুন জ্বলতে দেখেন। ঘটনাস্থলে মৃতদেহও পড়ে থাকতে দেখেছেন বলে জানান ওই যাত্রী।
এদিকে হতাহতদের চিকিৎসায় রক্তদানের আহ্বান জানিয়েছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া। দুর্ঘটনার ছবি ও পরিস্থিতি বিবেচনায় ঘটনাটিকে বড় ধরনের জাতীয় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন তিনি।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহত ও আহত ব্যক্তিদের পাশাপাশি তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেছেন তিনি।
দুর্ঘটনার পর রেল পরিচালনাকারী সংস্থা আদিফ মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে উচ্চগতির ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। কখন এই রেলপথে আবার স্বাভাবিক যোগাযোগ চালু হবে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
উল্লেখ্য, একই রেলপথে এর আগে রেনফে ও ইরিওর দুটি দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় পড়েছিল। প্রায় নয় মাস আগে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। নতুন এই দুর্ঘটনা দেশটির রেল নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।