স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন করেছেন ২৪০ পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক: জীবনসঙ্গী খুঁজতে এবার ডেটিং অ্যাপের বদলে গুগল ফরমের সাহায্য নিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটের ৩৬ বছর বয়সী এক নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ফরম ছড়িয়ে পড়ার পর অল্প সময়েই তা আলোচনায় আসে। এখন পর্যন্ত এতে আবেদন করেছেন ২৪০ জনের বেশি পুরুষ।

ওই নারীর নাম অ্যারিন প্যাটারসন। অবিবাহিত এই নারী নিজের তৈরি ফরমটির নাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’, অর্থাৎ ‘স্বামীর আবেদনপত্র’। ফরমটির লিংক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পাশাপাশি নিজের প্রোফাইলে সেটি পিন করে রেখেছেন তিনি।

প্যাটারসনের ভাষ্য, প্রচলিত ডেটিং অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা থেকে তাঁর মনে হয়েছে, সেখানে সম্ভাব্য সঙ্গী খুঁজতে অনেক সময় ব্যয় হয়। তাই শুরুতেই আগ্রহী ব্যক্তিদের সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য জানার জন্য নিজের মতো করে একটি আবেদনপত্র তৈরির চিন্তা করেন তিনি।

তাঁর তৈরি ফরমে আবেদনকারীদের পেশাগত লক্ষ্য, জীবনযাপন, ব্যক্তিগত অভ্যাস এবং সম্পর্ক নিয়ে প্রত্যাশা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে সম্পর্কে ধারণা ও পারিবারিক জীবন নিয়েও রয়েছে বিভিন্ন প্রশ্ন।

আবেদনকারীদের নিজেদের প্রত্যাশা এবং সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়গুলো তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারবেন না, সেটিও জানানোর সুযোগ রাখা হয়েছে ফরমটিতে।

প্যাটারসন জানিয়েছেন, তিনি এমন একজন পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার। তাঁর প্রত্যাশা, ওই ব্যক্তি কফি বা রাতের খাবারের জন্য দেখা করতে এবং পরস্পরের সঙ্গে ভালোভাবে কথা বলতে আগ্রহী হবেন। এরপর সম্পর্কটি কোন দিকে এগোয়, তা সময়ের সঙ্গে দেখার ইচ্ছা তাঁর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ প্যাটারসনের এই উদ্যোগকে ব্যতিক্রমী ও সাহসী হিসেবে দেখছেন। আবার কেউ জানিয়েছেন, জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে তাঁরাও একই ধরনের পদ্ধতি অনুসরণ করার কথা ভাবছেন।

ডেটিং অ্যাপের বাইরে জীবনসঙ্গী খোঁজার এই অভিনব উদ্যোগ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *