লাকসামের বৃটিশ আমলের পুরাতন দৈনিক বাজারের ধ্বজভঙ্গ দশা; দেখার কেউ নেই?

ষ্টাফ রিপোর্টার॥ লাকসাম পৌর শহরের উপকণ্ঠে অবস্থিত বৃটিশ আমলে স্থাপিত দৌলতগঞ্জ বাজারের পুরাতন দৈনিক বাজারটি দক্ষিণ কুমিল্লার একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিলো। অথচ নোয়াখালী রেললাইন সংলগ্ন এলাকা থেকে শুরু করে ব্যাংক রোড পর্যন্ত বিস্তৃত এই পুরাতন দৈনিক বাজারটি এককালের স্থানীয় মানুষের নিত্যদিনের কেনাকাটার প্রধান ভরসাস্থলে বর্তমানে মারাত্মক জরাজীর্ণ দশা আর দুর্গন্ধে ঠাসা অবস্থা বিরাজ করছে। বহুল পরিচিত এই পুরান দৈনিক বাজারে প্রবেশ করা এখন মানুষের জন্যে অত্যন্ত দুর্বিষহ-অস্বস্তিকর এবং ক্ষতিকর পরিস্থিতিই বটে!

উল্লেখ্য, দেশ স্বাধীন হওয়ার পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঐতিহ্যবাহী এই জীর্ণ-শীর্ণ দৈনিক বাজারটিতে আধুনিকায়নের কোনো রকমের ছোঁয়া লাগেনি। ঝুঁকিপূর্ণ বাজারটির একটি বড় অংশ এখনো আদিকালের সেই পুরাতন জরাজীর্ণ টিনশেডের নিচে পরিচালিত হচ্ছে, যা বর্তমানে সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী এবং ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য দুর্ভোগের মারাত্মক কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ, রেল লাইন আর রাস্তা-ঘাটের ফুটপাত দখলে নিয়ে নিদারুণ যানজটের সৃষ্টি করে অনেকেই অবৈধভাবে দিব্যি দোকান্দারি চালিয়ে যাচ্ছেন। ফলে গোটা দৌলতগঞ্জ বাজার এলাকার রাস্তাগুলোর দুই পাশ ও ফুটপাত অবৈধ দখলে চলে যাওয়ায় যানবাহন চলাচলে এখানে প্রতিনিয়তই তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকছে। এতে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং জরিমানা করে গেলেও মিলছে না কোনো স্থায়ী সমাধান।

ওদিকে, দৌলতগঞ্জ বাজারের এই পুরাতন দৈনিক বাজার অংশের আধুনিকায়ন এবং এর ড্রেনেজ ও রাস্তাঘাটের টেকসই উন্নয়নের জন্যে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতা-বিক্রেতাদের দীর্ঘদিনের দাবি হলেও এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যুগ যুগ থেকে নীরব দর্শকের ভূমিকাই পালন করে যাচ্ছেন। এতে করে এহেন দুর্বিষহ পরিস্থিতির মোকাবেলা করে ভুক্তভোগীরা দিনের পর দিন শুধু নিদারুণ হতাশাগ্রস্তই হয়ে পড়ছেন। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারো কোনো রকমের টনক নড়ছেনা। এমতাবস্থায় ভুক্তভোগীরা অবিলম্বেই লাকসামের এই পুরান দৈনিক বাজারের সংস্কার করার ব‍্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *