
এক্স জানিয়েছে, প্ল্যাটফর্মে মানসম্মত ভিডিও কনটেন্ট তৈরিতে নির্মাতাদের আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচলিত অনেক মনিটাইজেশন ব্যবস্থায় ভিডিওর ভিউ ও দর্শকসংখ্যার ওপর আয়ের পরিমাণ নির্ভর করে। কিন্তু নতুন এ কর্মসূচিতে নির্ধারিত শর্ত পূরণ করতে পারলেই নির্দিষ্ট অর্থ পাওয়া যাবে। এ ক্ষেত্রে ভিডিওতে কত ভিউ বা লাইক এসেছে, তা বিবেচ্য নয়।
যেসব শর্ত পূরণ করতে হবে
কর্মসূচির আওতায় অর্থ পেতে ৩০ দিনের মধ্যে ভিন্ন ভিন্ন দিনে অন্তত ১৫টি ভিডিও প্রকাশ করতে হবে। একই দিনে একাধিক ভিডিও পোস্ট করলে তা দিয়ে শর্ত পূরণ হবে না।
ভিডিওগুলো অবশ্যই উল্লম্ব বা ভার্টিক্যাল ফরম্যাটে ধারণ করা হতে হবে এবং প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য হতে হবে তিন মিনিটের কম। পাশাপাশি ভিডিওর বিষয়বস্তু হতে হবে সম্পূর্ণ মৌলিক।
নির্মাতারা নিজেদের তৈরি অন্য প্ল্যাটফর্মে প্রকাশিত ভিডিওও এক্সে শেয়ার করতে পারবেন। তবে সেসব ভিডিওতে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকা চলবে না। অন্য কারও তৈরি ভিডিও পুনরায় পোস্ট করেও এ কর্মসূচির সুবিধা পাওয়া যাবে না।
নিবন্ধন করবেন যেভাবে
ভিডিও কিকস্টার্ট বোনাস কর্মসূচিটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই আগ্রহী সবাই সরাসরি এতে অংশ নিতে পারবেন না। আপাতত শুধু এক্সের কাছ থেকে আমন্ত্রণ পাওয়া ভিডিও নির্মাতারাই নিবন্ধনের সুযোগ পাবেন।
আমন্ত্রণ পাওয়া নির্মাতাদের ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ক্রিয়েটর স্টুডিওর ‘প্রোগ্রামস’ বিভাগে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে কাদের আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট যোগ্যতার তালিকা প্রকাশ করেনি প্ল্যাটফর্মটি।
আগের মনিটাইজেশন কর্মসূচি থেকে পার্থক্য
এক্সের ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচিতে অংশ নিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অন্তত ৫০০ ভেরিফায়েড অনুসারী এবং নির্দিষ্ট পরিমাণ ইমপ্রেশনসহ বিভিন্ন যোগ্যতা পূরণ করতে হয়।
অন্যদিকে, নতুন ভিডিও কিকস্টার্ট বোনাস কর্মসূচিতে এসব শর্ত বাধ্যতামূলক নয়। এখানে মূল গুরুত্ব দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্টসংখ্যক মৌলিক ভিডিও প্রকাশের ওপর।
তবে কর্মসূচিটি ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি এক্স। ফলে আপাতত আমন্ত্রণ পাওয়া নির্মাতারাই এ সুযোগ কাজে লাগাতে পারবেন।