
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, নির্বাচনে শুধু অর্থশালী বা বিত্তবান ব্যক্তিদের নয়, জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে—এমন সাধারণ মানুষেরও অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে অর্থসম্পদ কম থাকলেও যোগ্য ও জনসমর্থনসম্পন্ন ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী, আগামী ১০ বছরের মধ্যেও শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন ছিল। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে তিনি মনে করেন।
ভোলার গ্যাস স্থানীয় মানুষের অধিকার
ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনার কথা তুলে ধরে স্পিকার বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণ গ্যাসের মজুত রয়েছে। দেশের বর্তমান গ্যাস মজুতের সঙ্গে ভোলার সম্ভাব্য মজুতের তুলনা করে তিনি এ সম্পদ অনুসন্ধান ও ব্যবহারের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, ভোলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে গ্যাসের সুবিধা পাওয়ার দাবি জানিয়ে আসছেন। স্থানীয় বাসিন্দাদের জন্য গ্যাস সরবরাহ তাঁদের ন্যায্য অধিকার। এ বিষয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার।