দেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থ রক্ষা করা গেলে প্রতিটি নাগরিকের স্বার্থও সুরক্ষিত হবে। এর মাধ্যমেই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবকদেরই এগিয়ে আসতে হবে।’

দেশের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত তরুণদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, অনেক তরুণ শিক্ষার্থী কিংবা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকেও নিজেদের পড়াশোনা ও পেশাগত দায়িত্বের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করছেন। মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন। তাদের এই উদ্যোগ ও অবদান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলতা অর্জনকারীদের অধিকাংশই তরুণ। একইভাবে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনেও প্রবীণেরা মেধা, বুদ্ধি ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তবে সরাসরি মাঠপর্যায়ে তরুণেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, দেশের বড় ধরনের পরিবর্তন ও অগ্রগতির জন্য তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ অপরিহার্য। এই সম্ভাবনাকে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো এখন শুধু সরকারের নয়, দেশের মানুষেরও প্রত্যাশা। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

তরুণ উদ্যোক্তা ও মেধাবীদের সহায়তায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিভাবান তরুণদের সম্ভাবনা বিকাশে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হচ্ছে, প্রয়োজনে এর পরিমাণ আরও বাড়ানো হবে।

প্রধানমন্ত্রী বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নিজেদের উন্নতির পাশাপাশি দেশের প্রতিটি মানুষের কল্যাণের কথাও তরুণদের ভাবতে হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।

এ ছাড়া যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ৪৩২টি যুব সংগঠনকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন তাদের স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। এ সময় তরুণ ও যুবকদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে অংশ নেন।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখেই সবাইকে এগিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *