উত্তর প্রদেশে ভারি বৃষ্টি-বন্যা-ভূমিধসে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার রাজ্যটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রাজ্যের রিলিফ কমিশনারের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় অস্বাভাবিক ভারি বৃষ্টির সময় এসব প্রাণহানির ঘটনা ঘটে। বৃষ্টির কারণে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ স্থলভাগে উঠে আসার পর আরও শক্তিশালী হয়ে ওঠে। এর প্রভাবে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যায়।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যটিতে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ একই সময়ে এ মৌসুমে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার। ফলে অল্প সময়ে বিপুল বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়।

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ২৪ কোটিরও বেশি মানুষের বসবাস। প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টির সময়ে রাজ্যটির বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি ও বজ্রঝড়ের ঘটনা ঘটে।

এদিকে ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড়, বজ্রপাতসহ বিভিন্ন ধরনের চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনশীল প্রবণতার সঙ্গে এসব চরম আবহাওয়ার ঘটনার সম্পর্ক রয়েছে।

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *