
পরনির্ভরশীলতা কাটিয়ে নিজেদের সক্ষমতা ও সামর্থ্যের ওপর দাঁড়িয়ে আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে জাতীয় ঐক্যের মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জন করেছে বাংলাদেশ। একইভাবে সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সভায় কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের অধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম এবং পুরোনো ডিলারদের কারসাজি বন্ধে প্রতিটি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগের কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, নতুন ডিলার নিয়োগের ফলে সারের কৃত্রিম সংকট কমার পাশাপাশি কৃষকেরা ন্যায্যমূল্যে সার পাওয়ার সুযোগ পাবেন।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কারের প্রসঙ্গেও বক্তব্য দেন সাখাওয়াত হোসেন। তিনি আগের সরকারের সময়ে স্থাপিত কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর সমালোচনা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এসব বিদ্যুৎকেন্দ্র জনগণের স্বার্থের পরিবর্তে লুটপাটের উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল।
জনদুর্ভোগ কমানো এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির খান, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান এবং মানিকগঞ্জ জেলা পরিষদের অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।