‘আমরা রাজপথে আছি, থাকতে হবে’, সংসদ সদস্যদের স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের

দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সব ষড়যন্ত্রের মোকাবিলা রাজপথেই করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ নির্দেশনা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা

সভায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিও আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইন, বিধি ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। এদিকে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার খবর প্রকাশিত হয়েছে।

আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা

সংসদীয় দলের সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তাঁদের মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের বিস্তারিত খোঁজ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন।

অন্যদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার আইনি সুযোগ রয়েছে। তিনি চাইলে ভারত সরকারের কাছে এ বিষয়ে অনুরোধ জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *