
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিকল্পনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হতে পারে।
তিন ধাপে হবে পরীক্ষা
প্রস্তাবিত পদ্ধতি অনুযায়ী, এবার প্রার্থীদের তিনটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হতে পারে। ধাপগুলো হলো—
1. প্রিলিমিনারি পরীক্ষা: ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হতে পারে। পাস নম্বর প্রস্তাব করা হয়েছে ৪০ শতাংশ।
2. লিখিত পরীক্ষা: প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ পরীক্ষার সময় নির্ধারণ করা হতে পারে তিন ঘণ্টা।
3. মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
পরিবর্তন আসতে পারে সিলেবাসেও
প্রস্তাবিত প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসে চারটি বিষয় রাখার পরিকল্পনা রয়েছে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হতে পারে।
তবে পরীক্ষা পদ্ধতি, নম্বর বণ্টন ও সিলেবাসের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিধিমালা সংশোধনের পর এসব বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
ডিসেম্বরে পরীক্ষার সম্ভাবনা
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হবে।
এবারের নিয়োগপ্রক্রিয়ায় আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। আগের মতো শুধু শিক্ষক নিবন্ধনের যোগ্যতা যাচাই নয়, বরং এ পরীক্ষার মাধ্যমেই সরাসরি শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এ কারণে ধারাবাহিকভাবে ১৯তম নিবন্ধন পরীক্ষা না হয়ে এটি নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে পরিচিতি পাচ্ছে।
উল্লেখ্য, সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। প্রায় তিন বছর পর নতুন নিয়োগ পরীক্ষার আয়োজন ঘিরে বেসরকারি শিক্ষক পদপ্রত্যাশীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।