
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়।
তিনি বলেন, সংসদ সদস্যের মা-বাবা বাড়ি থেকে কিছুটা দূরে একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। ওই ভবনে আগুন ছড়ায়নি। এ ঘটনায় তাঁদের পরিবারের কেউ দগ্ধ হয়েছেন কি না, সে বিষয়ে পুলিশের কাছে নিশ্চিত তথ্য নেই।
এদিকে এনসিপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা সংসদ সদস্যের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও একই অভিযোগ করেছেন।
এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা ছোড়ে। এর মধ্যে দুটি টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অন্যটি বাড়ির উঠানে পড়ে।
তাঁর দাবি, হামলার সময় বাড়িতে সংসদ সদস্যের মা-বাবা, চাচাতো ভাইবোন ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন। তাঁদের কয়েকজন আহত হয়েছেন। পশুর শেডে আগুন ধরে কয়েকটি গবাদিপশুও মারা গেছে বলে তিনি জানান।
ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঢাকার বাইরে থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান ওয়াহিদুজ্জামান।
তবে বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।