👁 410 Views

ক্রেতা সেজে মিরশানী পশুর হাটে ইউএনও

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রামে একটি পশুর হাটে বিশেষ পদ্ধতিতে পশুর ওজন বাড়ানোর সময় ৯ জনকে আটক করা হয়েছে। গত বুধবার ছাগলের মুখে পাইপ দিয়ে পানি ঢুকিয়ে ওজন বাড়ানোর সময় হাতেনাতে তাদের আটক করা হয়। তা ছাড়া পশুর পেটে পানি ঢোকানোর সরঞ্জামসহ ৬৮টি ছাগল জব্দ করা হয়।

            স্থানীয়রা জানায়, কুমিল্লা দক্ষিনাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট চৌদ্দগ্রামের মিরশানী বাজার। দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতারা এখানে গরু-ছাগল নিয়ে আসেন। প্রতি বুধবার এখানে পশুর হাট বসে। ওই হাটে প্রতারণা সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হলে ওইদিন সকালে হাট বসার আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেন ক্রেতা সেজে বাজারে হাজির হন।

            স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী প্রতি বুধবার মিরশানী বাজারের পেছনের নির্জন স্থানে ছাগলের মুখে পাইপ দিয়ে পানি ঢুকিয়ে ওজন বাড়ান। এতে ছাগলগুলোর পেটে অতিরিক্ত পানি জমে ওজন বেড়ে যায়। ক্রেতারা পশু পরিপুষ্ট ও সুস্থ মনে করলেও কয়েক দিন পর সেগুলো মারা যায়। তাতে ক্রেতারা ক্ষতির সম্মুখীন হন।

            উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এভাবে ছাগলের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। যা প্রাণী সংরক্ষণ আইনের অধীনে দন্ডনীয় অপরাধ।’

            চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেয়া হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

            এ বিষয়ে জানতে চাইলে ইউএনও জামাল হোসেন বলেন, ‘মিরশানী বাজারে এ ধরনের অনিয়মের বিষয়ে অনেক দিন ধরে অভিযোগ পাচ্ছিলাম। তাই নিজেই ক্রেতা সেজে বাজারে গিয়ে ৯ জনকে হাতেনাতে আটক করি। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।’

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *