👁 121 Views

একসঙ্গে স্বামী-স্ত্রীর বিষপান !

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিল উপজেলায় পারিবারিক কলহের জেরে এক দম্পতি একসঙ্গে বিষপান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী ফাতেমা আক্তারের (২৭) মৃত্যু হয়েছে। আর স্বামী আব্দুর রহীম (৩৩) হাসপাতালে চিকিৎসাধীন।

            উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকায় আব্দুল আউয়ালের বাড়িতে গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

            পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পাঁচ বছর আগে ভাওর গ্রামের রাজমিস্ত্রী আব্দুর রহীমের সঙ্গে বানসা গ্রামের সামছুল আলমের মেয়ে ফাতেমার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্বশুর বাড়িতে প্রথম বিষপান করেন ফাতেমা। এরপর তার স্বামীও বিষপান করেন। পরে তাদের দু’জনকে বাড়ির লোকজন পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

            বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, দম্পতির বিষপানের পর স্ত্রী মারা যাওয়ার খবরে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।  ফাতেমার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *