
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য আরও দেড় মাস সময় বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নম্বরপ্লেট লাগানো যাবে।
নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলে সামনের নম্বরপ্লেট সংযোজন সম্ভব না হওয়ায় এ সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।
এর আগে গত ১৬ অক্টোবর জারি করা গণবিজ্ঞপ্তিতে ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
বিআরটিএর এ নির্দেশনার পেছনে রয়েছে সড়কে ট্রাফিক আইন অমান্যকারী মোটরসাইকেল শনাক্তের বিষয়টি। সংস্থাটির কর্মকর্তাদের মতে, পেছনের নম্বরপ্লেটে কাদা জমে কিংবা অন্য কারণে নম্বর অস্পষ্ট থাকায় এআই প্রযুক্তির ক্যামেরায় অনেক সময় মোটরসাইকেল শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। সামনে নম্বরপ্লেট থাকলে এ সমস্যা কমবে।
নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে সামনের নম্বরপ্লেট তৈরি করে লাগাতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করতে হবে।
নম্বরপ্লেট তৈরির নিয়মাবলি:
- স্কুটারের নম্বরপ্লেটের মাপ হবে ২০০ × ১০০ মিলিমিটার।
- সাধারণ মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ হবে ২৮৫ × ৫০ মিলিমিটার।
- বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
- নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।
- সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে।
- নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা অতিরিক্ত সাজসজ্জা করা যাবে না।
বিআরটিএ নির্ধারিত নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর জন্য মালিকদের প্রতি নির্দেশনা দিয়েছে।