গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালিয়ে ছদ্মবেশ ধরেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, অবশেষে গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গতকাল মঙ্গলবার রাতে এসআরবি-১১ তাঁকে গ্রেপ্তার করে।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে এসআরবি-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানান।

গ্রেপ্তার আবু মোকারমের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর বরকল এলাকায়। তাঁর বাবার নাম আবু তালেব। তিনি চট্টগ্রামের চন্দনাইশ থানায় করা একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালিয়ে যান তিনি।

এসআরবি-১১-এর দাবি, আবু মোকারম পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আত্মগোপনে ছিলেন।

এসআরবি-১১–এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ সংবাদ সম্মেলনে বলেন, আবু মোকারম ২০০৯ সালের নভেম্বরে চন্দনাইশ থানায় করা একটি হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন। ওই মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ওই বছরের ৯ জুলাই থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণ–অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৬ আগস্ট সকালে কারাগারের বন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গাহাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারারক্ষীদের জিম্মি করে মই দিয়ে কারাগারের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে আবু মোকারমও ছিলেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে।

এসআরবি-১১-এর দাবি, কারাগার থেকে পালানোর পর আবু মোকারম গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেন। পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আত্মগোপনে ছিলেন তিনি। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *